ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দায়িত্ব গ্রহণের পর দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথগ্রহণের পর রাতে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, “একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাআল্লাহ অনেক চমক রয়েছে। শুরু হবে কয়েক দিনের মধ্যেই।
মন্ত্রী আরও বলেন, “এক শব্দে বলতে গেলে, আমাদের লক্ষ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করছি। তাই আমাদের শিক্ষাব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে। এটি আর কোনো স্থানীয় বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক কমোডিটি।
এছাড়া আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেছেন, দেশের ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজিসহ নতুন প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হবে। তিনি টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট)-কে শিক্ষাব্যবস্থায় মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন এবং শিল্প ও একাডেমিয়ার সংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, “শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মান অনুযায়ী উন্নত করতে হবে। কোনো বিকল্প নেই। দল-মত নির্বিশেষে আমি বিজয়ী হয়েছি, তাই সবাই আমার। সবার জন্য কাজ করব। বাংলাদেশের সেরা উপজেলা কেবল শিক্ষা নয়, মাদক, দুর্নীতি ও অন্যান্য ক্ষেত্রে দেশের সেরা হবে—এটাই আমার স্বপ্ন।
উল্লেখ্য, আ ন ম এহছানুল হক মিলন পূর্বে ২০০১ সালে মন্ত্রিসভার শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।