ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক |
ঢাকা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা যদি আন্তরিক হই ও নিজেদের আঙিনা পরিষ্কার রাখতে পারি, তবে আমাদের প্রিয় জন্মভূমিও পরিষ্কার হয়ে যাবে।”
বুধবার ভোর ৬টায় তিনি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সেগুলো নির্দিষ্ট গাড়িতে তুলে দেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি সরাসরি পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের তিনি বলেন, “গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান।”
তিনি আরও বলেন, পরিবেশ সুন্দর থাকলে তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতে পড়ে। “মানুষ তখন দায়িত্বশীল ও সমাজের জন্য দরদি হয়ে ওঠে। আমরা সেই বার্তাই দিতে চাই—একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ার বার্তা।”
ডা. শফিকুর রহমান জানান, এ কর্মসূচি লোক দেখানো নয়; এটি কেবল শুরু। তিনি বলেন, “প্রতিদিন ফজরের পর আমাদের প্রত্যেক ইউনিট সংগঠনকে কমপক্ষে আধা ঘণ্টা সময় পরিচ্ছন্নতার কাজে ব্যয় করতে হবে। এক ঘণ্টা করতে পারলে আরও ভালো। এরপর তারা পরিবারসহ সমাজের অন্যান্য সেবামূলক কাজে অংশ নেবে।”
মিরপুরকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “আমরা সরকারি ফান্ডের জন্য অপেক্ষা করব না। তবে ন্যায্য পাওনা থেকে এলাকাকে বঞ্চিত করা যাবে না।”
রাষ্ট্র সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল। এই জুলাইয়ের কারণেই নির্বাচন হয়েছে এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, আর আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব এসেছে, সেগুলো বাস্তবায়ন করা এই সংসদের পবিত্র দায়িত্ব। সরকারি দল উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব; না নিলে জনগণের হয়ে কথা বলব—কিন্তু ছেড়ে দেব না।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন, নায়েবে আমীর আবদুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদসহ বহু নেতাকর্মী।