ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)। দেশের ক্রান্তিকালে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠনটি গভীর সন্তোষ প্রকাশ করেছে।
সংগঠনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সারওয়ার জাহান এবং মহাসচিব এম এ মুমিন আনসারি এক যৌথ বিবৃতিতে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতা সুশাসন, গণতন্ত্র ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় অপরিহার্য অবদান রাখে।
বিবৃতিতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তৃণমূল মেহনতী সাংবাদিক সমাজ বিশ্বাস করে, নতুন সরকার অনতিবিলম্বে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক আইনগত পরিবেশ সৃষ্টি করবে।
বিএসকেপি আরও প্রত্যাশা ব্যক্ত করে যে, সরকার সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে এবং জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা রাখবে।
রাষ্ট্রের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা সুসংহত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিক সংগঠনের সঙ্গে গঠনমূলক ঐক্য ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
পরিশেষে, নবগঠিত সরকারের সফলতা কামনা করে সংগঠনটি আশা প্রকাশ করে যে, উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিতে সরকার সাংবাদিক সমাজের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখবে।