ই-পেপার/প্রিন্ট ভিউ
সিলেট প্রতিনিধি:
বাংলাদেশে হেলথ ট্যুরিজমের সম্ভাবনা ও বন্ধ্যত্ব সমস্যা নিয়ে এক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সন্ধ্যায় সিলেটের একটি হেলথকেয়ার সেন্টারে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেডিকেল ট্যুরিজমের পথিকৃত, মেডিট্রেনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট হেলথকেয়ার কনসালটেন্ট ও ইমপালস হাসপাতাল ঢাকার স্বনামধন্য ইনফার্টিলিটি কাউন্সেলর রফিক-উল-আলমের সিলেট আগমন উপলক্ষে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহসভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. জোসেপ আলী চৌধুরী।
আলোচনা সভায় উপস্থিত থেকে সিলেটের হেলথকেয়ার খাতের অগ্রগতি, সুযোগ-সুবিধা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন সিলেটের ঐতিহ্যবাহী হেলথকেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল মজিদ চৌধুরী শাহীন।
প্রধান অতিথি রফিক-উল-আলম স্থানীয় পর্যায়ে হেলথ ট্যুরিজম খাতের উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, "সিলেটে মেডিকেল ট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে। স্থানীয় হাসপাতাল ও হেলথ ফ্যাসিলিটিজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পার্টনারশীপ গড়ে তোলার মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।"
তিনি আরও বলেন, "সিলেটে বন্ধ্যত্ব সমস্যা একটি গুরুতর জনস্বাস্থ্য ইস্যু। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু চিকিৎসা নয়, সচেতনতা গড়ে তুলতে হবে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে।"
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের অভিজাত পর্যটন কোম্পানি ও মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠাতা ফাহিমা ট্যুরিজম নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোঃ মুক্তার উদ্দিন।
সভা শেষে অংশগ্রহণকারীরা সিলেটের স্বাস্থ্যখাত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।