ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর উত্তর পাড় এলাকায় বহু প্রত্যাশিত সড়কের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের উপস্থিতিতে নবনির্মিত এ সড়কের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ।
দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকায় স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি কাদা মাটি ও কর্দমাক্ত অবস্থায় পরিণত হওয়ায় যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ত। নতুন সড়ক নির্মাণ হওয়ায় এ এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন,“এই সড়ক নির্মাণ শুধু যাতায়াত সহজ করবে না, বরং এলাকার শিক্ষা, চিকিৎসা, কৃষি ও স্থানীয় বাজার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীরা জানান, নতুন সড়কটি তাদের বহু দিনের কষ্ট লাঘব করবে এবং সাধারণ জীবনযাত্রায় গতি ফিরিয়ে আনবে। তারা আশা প্রকাশ করেন, সড়কটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উপকারে আসবে।