ই-পেপার/প্রিন্ট ভিউ
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১১ বোতল ভারতীয় মদসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করা হয়েছে। ঘটনাটি শিশু অপরাধ ও মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি শিশু সুরক্ষার বিষয়টিও নতুন করে সামনে এনেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে এসআই নিকলেশ চন্দ্রকর পলাশ ও এসআই কারুল আলমসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ বোতল ভারতীয় মদসহ মো. নাঈম আহমদ (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়।
আটক কিশোর কোম্পানীগঞ্জ থানাধীন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে “আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু” হিসেবে চিহ্নিত করে প্রচলিত শিশু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা নম্বর–২৭ (তারিখ: ২৪/১২/২০২৫), জিআর নম্বর–২৫৮/২৫ রুজু করা হয়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় দায়ের করা হয়েছে।
পরবর্তীতে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আটক কিশোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদক ও কিশোর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং একই সঙ্গে শিশুদের পুনর্বাসন ও সুরক্ষার বিষয়েও আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে