ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।
রোববার এক ঘোষণায় মিজান চৌধুরী বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সাধারণ মানুষের অনুরোধ ও সমর্থনের প্রেক্ষিতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এলাকাবাসীর উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে ছাতক-দোয়ারাবাজার উপজেলার মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন এবং সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। অবহেলিত জনপদের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে জনগণের দাবি আদায়ে ভূমিকা রাখার স্বপ্ন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে উল্লেখ করেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচন করেছিলেন উল্লেখ করে মিজান চৌধুরী বলেন, ওই নির্বাচনে তিনি ও তার কর্মী-সমর্থকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হন। এরপরও তিনি দল ও এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ার পর এলাকার বহু মানুষ তাকে স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করেন, যা তিনি উপেক্ষা করতে পারেননি।
তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে জানি না। আমি শুধু ছাতক ও দোয়ারাবাজারের মানুষের ভালোবাসায় আপনাদের একজন হয়ে বেঁচে থাকতে চাই।” অতীতে অনিচ্ছাকৃত কোনো ভুলে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
মিজান চৌধুরী আসন্ন নির্বাচনে দোয়া, পরামর্শ, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করে বলেন, জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার সুযোগ পেলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি মহান আল্লাহর কাছে দোয়া চান, যেন জনগণের খেদমতে নিজেকে কবুল করতে পারেন।