ই-পেপার/প্রিন্ট ভিউ
মাহমুদুল হাসান সোহেল , পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জ উপজেলায় আরডিআরএস বাংলাদেশ-এর সীডস প্রকল্পের উদ্যোগে কিশোরীদের শিখন সহভাগিতা সংলাপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সীডস প্রকল্পের প্রকল্প সমন্বয়ক তামিম আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননী প্রকল্পের উপজেলা কর্মকর্তা জেসমিন ও হযরত আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন আরডিআরএস সীডস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মিখায়েল সরেন, ফিল্ড ফ্যাসিলিটেটরবৃন্দ, সিবিও নেতৃবৃন্দ, চারটি ইউনিয়নের কিশোরী সদস্যরা এবং তাদের অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা কিশোরীদের সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন তাঁর বক্তব্যে বলেন, “একজন কিশোরীকে কৌশলী ও সজাগ হতে হবে। সমাজ ও দেশ গঠনে কিশোরীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ, যৌতুক, মাদক, ইভটিজিং ও পুষ্টি বিষয়ে সচেতনতা থাকলে একজন কিশোরী নিজেকে নিরাপদ ও সুস্থ রাখতে পারবে।” তিনি কিশোরীদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য আরডিআরএস বাংলাদেশ ও সীডস প্রকল্পকে ধন্যবাদ জানান।
অন্যান্য বক্তারা বলেন, একটি সুন্দর সমাজ ও আগামীর বাংলাদেশ গড়তে কিশোরীরাই ভবিষ্যৎ নেতৃত্ব। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজে সহায়তা এবং সকল প্রকার সামাজিক অনাচার বর্জন করতে হবে।
অভিভাবকরা তাদের মতামতে বলেন, আগে সমাজে সচেতনতার ঘাটতি থাকলেও বর্তমানে আরডিআরএস বাংলাদেশ সীডস প্রকল্পের কিশোরী সংলাপ কেন্দ্রের মাধ্যমে তাদের সন্তানরা বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ পেয়ে আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে উঠছে।
আলোচনা সভা শেষে কিশোরীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।