• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১১:৩১
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ই-পেপার/প্রিন্ট ভিউ

খুলনা জেলা প্রতিনিধি||

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বুধবার সকাল ১১টা থেকে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় এবং বাকি ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ফয়সল কাদের জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংসদীয় আসনের মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী খুলনা-৩ আসনের জন্য প্রয়োজন হয় ২ হাজার ৫৪৪ জন ভোটারের স্বাক্ষর। জমা দেওয়া তালিকা থেকে দ্বৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়।

যাচাইয়ে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মোল্ল্যা ও মো. আবুল হাসনাত সিদ্দিকের ক্ষেত্রে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। অন্যদিকে এসএম আরিফুর রহমান মিঠুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ভোটার তথ্য সঠিক না থাকা এবং ঋণখেলাপি থাকার কারণে।

তিনি আরও জানান, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। এছাড়া আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।


খুলনা

সংসদ নির্বাচন-২০২৬

আরও পড়ুন