ই-পেপার/প্রিন্ট ভিউ
ডেস্ক রিপোর্ট | সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আনিসুল হক দাখিলকৃত মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় প্রার্থী তার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনকে বিপুল ভোটে বিজয়ী করে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বিজয় উৎসর্গ করা হবে। একই সঙ্গে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে এই বিজয় উপহার দেওয়া হবে—ইনশাআল্লাহ।
এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার খবরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, ঐক্য ও সংগঠনের শক্তির মাধ্যমে আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি বিজয় অর্জন করবে।