ই-পেপার/প্রিন্ট ভিউ
মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর প্রতিনিধি):
মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাইপাস এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এ প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধা এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত করেন শফিউল আজম খান এবং গীতা পাঠ করেন বাবু রাধেশ্যাম দাস। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিউল আজম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট নীল কমল দাস মৃধা, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, সিরাজদিখান পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক জ্ঞানদীপ দাস, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম ঘোষসহ বিভিন্ন স্তরের সনাতন ধর্মাবলম্বীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক সাহসী নেতৃত্ব। তাঁর মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারাল। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।