ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিনিধি
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে।
১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা শ্রীপুর, পান্থুমাই, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে— ভারতীয় সানগ্লাস, শীতের কম্বল, শাড়ি, ইস্কফ সিরাপ, মহিষ, গরু, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, বিয়ার, মদ, পেঁয়াজ, মেহেদি এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি রসুন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত সকল চোরাচালানী মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির এমন তৎপরতায় সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।