ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টফ রিপোর্টার রংপুর।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ রংপুর বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে অদম্য মেধা আর সৃজনশীলতার এক অনন্য নাম রায়ান রাহাত।
এর মাধ্যমে রংপুরের এই কৃতী শিশু শিল্পী জাতীয় পর্যায়ে অংশগ্রহণের টিকিট লাভ করলো। ইতিপূর্বেও বিভিন্ন ক্ষেত্রে সে ছয়বার জাতীয় পুরস্কার অর্জন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে।
সাফল্যের পরিসংখ্যান বলছে, ২০১৬ সাল থেকে ধারাবাহিক সাফল্যের পথ ধরে এ পর্যন্ত উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত তিন শতাধিক সার্টিফিকেট সংগ্রহ করেছে রায়ান। তার ঝুলিতে জমা হয়েছে অসংখ্য বই, ক্রেস্ট ও সম্মাননা স্মারক।
রায়ানের এই সাফল্যের নেপথ্যের কারিগর হিসেবে রয়েছে তার শিক্ষকদের নিবিড় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা। সেই সাথে মায়ের দেখা স্বপ্ন ও মানসিক শক্তি এবং বাবার নিরলস পরিশ্রম ও ঐকান্তিক সহযোগিতা তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। এছাড়া বন্ধুবান্ধব এবং ছোট-বড় সবার ভালোবাসা ও উৎসাহ তাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রায়ান রাহাত জানায়, সে পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে তার জীবনের প্রধান লক্ষ্য হলো একজন সুনাগরিক বা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।
রংপুরের এই কৃতি সন্তানের এমন অর্জনে আনন্দিত তার শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সুধীজন। সবার প্রত্যাশা, জাতীয় পর্যায়েও সাফল্যের এই ধারা অব্যাহত রেখে রায়ান রাহাত রংপুরের জন্য আবারও গৌরব বয়ে আনবে।
অদম্য মেধা আর সৃজনশীলতার এক অনন্য নাম রায়ান রাহাত। রায়ান রাহাত কেবল শিল্পচর্চায় নয়, পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং ইতিপূর্বে মেধা বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। পাঠ্যবইয়ের সীমানা ছাড়িয়ে তার সৃজনশীলতার পরিধি বিস্তৃত হয়েছে চিত্রাঙ্কন, বক্তব্য ও উপস্থাপনা, অভিনয় এবং নৃত্যের মতো বৈচিত্র্যময় ক্ষেত্রগুলোতে। প্রতিটি ক্ষেত্রেই সে দেখিয়েছে অসামান্য পারদর্শিতা।