ই-পেপার/প্রিন্ট ভিউ
তাহিরপুর, সুনামগঞ্জ, প্রতিনিধি
তাহিরপুর উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও পোস্টকার্ড শেয়ার করার মাধ্যমে প্রার্থীদের সমর্থকরা স্থানীয় মিছিল ও সমাবেশে জনসাধারণকে আহবান জানাচ্ছেন। তবে এ ধরনের কর্মকাণ্ডে নির্বাচনী আচরণবিধি-২০২৫ লঙ্ঘনের সম্ভাবনা বিদ্যমান বলে স্থানীয় প্রশাসন সতর্ক করেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহিরপুর উল্লেখ করেন, বিধি-৯(ক) ও (খ) অনুযায়ী কোনো প্রার্থী বা সমর্থক নির্বাচনী প্রচারণায় বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল বা অন্যান্য যান্ত্রিক যানবাহন ব্যবহার করে মিছিল, জনসভা বা শোডাউন করতে পারবে না। এছাড়া যানবাহনসহ বা ছাড়া কোনো ধরনের মশাল মিছিলও নিষিদ্ধ।
প্রশাসনের নির্দেশনায় আরও বলা হয়েছে, রাস্তা দখল করে জনসাধারণের চলাচল বিঘ্ন করা বা মিছিল থেকে অপর প্রতিদ্বন্দী প্রার্থী বা সমর্থকদের উদ্দেশ্যে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।
সহকারী কমিশনার (ভূমি) জানান, এই বিধিসমূহ লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেসবুক পোস্টকারীসহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রশাসন জনগণের সহযোগিতা কামনা করেছেন যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বজায় রাখা যায়।