• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:২৫
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রাষ্ট্র নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা আর মেনে নেব না : জাতীয় পার্টির চেয়ারম্যান

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রাষ্ট্র নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা আর মেনে নেব না :  জাতীয় পার্টির চেয়ারম্যান ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২৪ জানুয়ারি) শনিবার বিকেলে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লাঙলের প্রচারণার পূর্বে সাংবাদিকদের উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, দেশের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী সরকারের নিয়োগকর্তা বৈষম্যবিরোধী নেতারা। যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছেন। তারাই বর্তমানে সরকারি দল। তাদের অধীনে নির্বাচন হচ্ছে। তাই নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না। সরকার ও সরকারি দল মিলে প্রহসনমূলক নির্বাচন করে রাষ্ট্র দখল করতে চায়। রাষ্ট্র নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা আর মেনে নেব না।

জিএম কাদের বলেন, নানা বাধা বিপত্তির মুখে আমরা নির্বাচনে এসেছি। তারা আমাদের দলকে ভাগ করার চেষ্টা করেছিল, নির্বাচন থেকে সরে দিতে চেয়েছিল, আমরা তা রুখে দিয়েছি। আমাদের প্রার্থী ও নেতাকর্মীদের নামে মামলা দিয়ে জেলে রাখছে। কোনো জামিন হচ্ছে না। উল্টো আরও মামলা দেওয়া হচ্ছে। আমাদের নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তথাপিও আমরা আমাদের রাজনীতি করছি। দরকার হলে বুকের রক্ত দেব তবুও আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। আমরা মারা যাবো, তবু আমরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করব।

হ্যাঁ', 'না' ভোট প্রসঙ্গে জিএম কাদের বলেন, গতকাল রংপুরে সরকারের একজন উপদেষ্টা বলেছেন, যারা 'না' ভোট চাচ্ছেন তারা স্বৈরাচারের দোসর। আমি বলতে চাই, আমরা দেশ বাঁচাতে 'না' ভোটের পক্ষে। আর যারা 'হ্যাঁ' ভোটের পক্ষে তারা নাৎসীবাদের দোসর। 

জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন, আমি রংপুরের সন্তান। রংপুরবাসীর কাছে আমারও চাওয়া হলো, জাতীয় পার্টি যতদিন ক্ষমতায় ছিল ততদিন রংপুরবাসী শান্তিতে ছিল। জাতীয় পার্টি, চাঁদাবাজি, দখলবাজি করেনি। জাতীয় পার্টি কাউকে অত্যাচার করেনি। বিএনপি, জামায়াতসহ সব দলের লোক আমার কাছে যারা এসেছিল, সবার কাছে সমানভাবে দেখা হয়েছে। তাই রংপুরবাসী যদি শান্তি চায়, স্বস্তি চান, সুন্দরভাবে বাঁচতে চান, তাহলে বিগত দিনের মতো আবারও জাতীয় পার্টিকে সমর্থন দেবেন, লাঙল মার্কায় ভোট দেবেন, এই কামনা করছি।

এরপর তিনি আনুষ্ঠানিকভাবে রংপুরে লাঙলের প্রচার-প্রচারণা শুরু করেন এবং নগরীর সেন্ট্রাল রোড, পায়রা চত্বর ও জাহাজ কোম্পানিসহ বিভিন্ন মোড়ে পথচারী, ব্যবসায়ীসহ সবার কাছে লিফলেট দিয়ে লাঙলের ভোট চান। এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এস এম ইয়াসীর, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ সহ উপস্থিত সাংবাদিকগণ।


রংপুর

আরও পড়ুন