ই-পেপার/প্রিন্ট ভিউ
তোফাজ্জল ইসলাম - জামালগঞ্জ প্রতিনিধি :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যসহ পূর্বের পদে তাকে বহাল করা হয়।
দলীয় সূত্র জানায়, মাসুক মিয়া দীর্ঘদিন ধরে যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা হিসেবে এলাকায় পরিচিত। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন সময় তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও নেতাকর্মীরা জানিয়েছেন।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত এ সিদ্ধান্তে জামালগঞ্জ উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নেতাকর্মীরা মনে করছেন, এ সিদ্ধান্ত সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করবে এবং দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।