ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির এক নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা শাখার এক লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ-০৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালনকারী রাজু আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক স্বার্থে রাজু আহমেদের অব্যাহতির আবেদন গ্রহণ করা হয় এবং তাকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সঙ্গে তার স্থায়ী বহিষ্কারের জন্য বিষয়টি কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
২৬ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও জেলা বিএনপির সদস্য (শিক্ষক সমন্বয়কারী) এডভোকেট আব্দুল হক স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকের দপ্তরে প্রেরণ করা হয়েছে।