ই-পেপার/প্রিন্ট ভিউ
মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি মো রিয়াদ হোসেন:
মুন্সীগঞ্জ–৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী রিক্সা প্রতীকের পক্ষে সাধারণ মানুষ, শ্রমিক ও তরুণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি লঞ্চঘাট থেকে সুপার মার্কেট এলাকা পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় এনসিপির নির্বাচনী সমন্বয়ক কাজী আব্দুল আলিম, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর প্রাঙ্গণের বটতলায় সংক্ষিপ্ত বক্তব্যে নুর হোসাইন নুরানী বলেন, আমাদের বিজয়ী করলে জনগণ যা চাইবে, তাই আমরা করব। মতিঝিল থেকে মোক্তারপুর পর্যন্ত ১৫ থেকে ২০ মিনিটে যাতায়াত নিশ্চিত করতে মেট্রোরেলের ব্যবস্থা গ্রহণে সরকারকে বাধ্য করা হবে। তিনি আরও বলেন, মেঘনা নদীতে ক্যাবল ব্রিজ নির্মাণ করে গজারিয়া ও মুন্সীগঞ্জবাসীকে একসূত্রে যুক্ত করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, গত ৫০ বছর ধরে মানুষকে চাঁদাবাজদের চাঁদা দিতে হয়েছে। এখন জনগণ আর চাঁদা দেবে না। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মকে আমরা যাদুঘরে পাঠিয়ে দেব।
এ সময় এনসিপির প্রধান নির্বাচনী সমন্বয়ক গাজী আব্দুল আলিম বলেন, দেশ সংস্কারের জন্য জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে ভোট দিতে হবে। ‘না’ ভোট বিজয়ী হলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেন। তিনি নুর হোসাইন নুরানীর রিক্সা প্রতীকে ভোট চান।
এছাড়া বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির সদস্য সচিব মো. শোহাগ।
গণসংযোগকালে রিক্সা প্রতীকের প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের ভোট প্রদানে উৎসাহিত করা হয়। এ সময় অনেক ভোটার নুর হোসাইন নুরানীর সঙ্গে কোলাকুলি করেন।