ই-পেপার/প্রিন্ট ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার আয়োজনে ও সভাপতিত্বে সভায় আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ্র, পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এবং সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিলুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন, ৭১ টিভির প্রতিনিধি শহিদনূর আহমেদ, দেশ টিভির প্রতিনিধি শাবাজ মান্না, নাগরিক টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে। নির্বাচনী সময়ে সাংবাদিকদের দায়িত্ব পালনে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও তারা জানান।
এসময় জানানো হয়, এবারের নির্বাচনে সাংবাদিকদের জন্য কিছু নতুন নিয়ম-কানুন প্রযোজ্য হবে। শুধুমাত্র পেশাগত সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে যাচাই-বাছাই করে নির্বাচনী পাস কার্ড প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচনী মাঠে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সুনামগঞ্জ জেলার সকল সাংবাদিকের কাছ থেকে নির্বাচনী সংবাদ সংগ্রহে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।