• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , সকাল ১১:৫৫
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জে “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে সকাল ১০ টায় ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে

“মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা, মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করা হয়।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব মোঃ হাসান মারুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এ.কে.এম. শাহাব উদ্দীন, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ, প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, চাঁপাইনবাবগঞ্জ এবং মোঃ আসলাম কবীর, প্রধান শিক্ষক, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।

আলোচনা সভায় সভাপতিসহ অতিথিবৃন্দ মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে গুরুত্বের সঙ্গে আলোচনা করেন এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোডাল এজেন্সি হিসেবে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে দিন-রাত নিরলসভাবে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তিনি জানান, মাদকের চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস ও ক্ষতি হ্রাস—এই তিনটি কৌশলের মাধ্যমে অধিদপ্তর তার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়—মাদক মাকে কাঁদায়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক গ্রহণের ফলে তরুণ সমাজের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি উল্লেখ করেন, মাদকাসক্তির প্রথম ধাপ হলো সিগারেট, যা ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়।

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ইতোমধ্যে ডোপ টেস্ট কার্যক্রম চালু করেছে উল্লেখ করে তিনি বলেন, যেসব শিক্ষার্থীর শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হবে, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও ব্যাপক জনসচেতনতা।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। মাদককে “নীরব ঘাতক” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের সমাজের শক্তিশালী তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ইতোমধ্যে জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

আলোচনা সভা শেষে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মাদকবিরোধী স্লোগান সংবলিত বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং লাল কার্ড প্রদর্শন করেন।

পরবর্তীতে মাদকবিরোধী বার্তা সম্বলিত ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশিত হয়, যা অতিথিসহ উপস্থিত সকলেই গভীর আগ্রহের সঙ্গে উপভোগ করেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাদকবিরোধী সামাজিক আন্দোলনের এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন