• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:২৬
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নবম পে-স্কেল দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাহিরপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নবম পে-স্কেল দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাহিরপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বেতন কমিশন–২০২৫ কর্তৃক সুপারিশকৃত নবম পে-স্কেল দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি ও বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, কৃষি, সমাজসেবা, নির্বাচনসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। বাসা ভাড়া, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বহুগুণ বেড়ে গেলেও দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

বক্তারা আরও বলেন, জাতীয় বেতন কমিশন–২০২৫ সরকারকে নবম পে-স্কেলের সুপারিশ প্রদান করলেও এখন পর্যন্ত তা প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় কর্মচারীদের মধ্যে গভীর হতাশা, ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত এই পে-স্কেল কার্যকর না হলে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, নবম পে-স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তাই নয়, বরং প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বিষয়টি আর বিলম্ব না করে দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাস্তবায়ন করা জরুরি।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারি না করা হলে আগামী দিনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে লাগাতার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও জানান তারা।

শেষে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন