ই-পেপার/প্রিন্ট ভিউ
সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনি বিপুল ভোটে বিজয়ী হন।
গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ঘোষিত ফলাফল অনুযায়ী, এডভোকেট নুরুল ইসলাম নুরুল পেয়েছেন ৯৮,০৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সামছ উদ্দিন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৭৫,৭৩৫ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনটির ১১৫টি ভোটকেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়াও একই দিনে অনুষ্ঠিত গণভোটে এই আসনে বিপুল জনসমর্থন লক্ষ্য করা গেছে। প্রাপ্ত তথ্যমতে, গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১,২৩,৮২৯টি এবং 'না' ভোট পড়েছে ৫৩,৯১৮টি।
ফলাফল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এই বিজয়কে এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতিফলন বলে অভিহিত করেন। তিনি বলেন, “এই জয় সদর ও বিশ্বম্ভরপুরের আপামর জনতার জয়। আমি এলাকার উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে জনগণের সেবক হয়ে কাজ করে যাব।
উল্লেখ্য যে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন, যা জেলাজুড়ে এক অনন্য রাজনৈতিক আমেজ সৃষ্টি করেছে।