ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (বুধবার): রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারসংলগ্ন স্থান পরিষ্কার–পরিচ্ছন্ন করা হবে। এতে দলীয় সকল স্তরের নেতা–কর্মী ও নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় বুধবার সকাল ৬টায় কর্মসূচির উদ্বোধন করেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনকালে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে এবং একটি বাসযোগ্য, স্বাস্থ্যসম্মত ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।