ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), প্রশাসকের কার্যালয়, শান্তিগঞ্জ-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সমন্বয় করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়। শান্তিগঞ্জ থানাধীন ডুংড়িয়া, নবীনগর, পাগলা বাজার, পশ্চিম পাগলা ও সুত্রমর্দন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জের শান্তগঞ্জ উপজেলার নবীনগর গ্রামের মোঃ চান্দ আলী এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন, ও হিন্দু কালীপুর গ্রামের মৃত মাহেন্দ্র পাল এর ছেলে শ্রী শুধাংশু চন্দ্র পাল এবং পাগলা সুত্রমর্দন গ্রামের বাসিন্দা মৃত রসময় সুত্রধর ছেলে কানু সুত্রধর।
আসামিদের নিকট থেকে সর্বমোট ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়। মাদক সেবনের অপরাধে মোঃ দেলোয়ার হোসেন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া শুধাংশু চন্দ্র পাল ও কানু সুত্রধর কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগার-এ প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক জনাব মুহাম্মদ আমিনুল কবির এবং উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান সজীব।
এ বিষয়ে উপপরিচালক মোঃ আবুল হোসেন, জেলা কার্যালয়, সুনামগঞ্জ জানান, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।