ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলা সদরের নতুন বাস স্ট্যান্ড (মল্লিকপুর) এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন শাওনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ-এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াজখালী গ্রামের মোঃ আদিল মিয়ার ছেলে মোঃ সারওয়ার মিয়া, একই গ্রামের অলক সেনের ছেলে কালা সেন, সদর উপজেলার আরপিননগর এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাদির ছেলে গোলাম রাব্বি জুহিন, হবিগঞ্জ সদর উপজেলার বরক গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে চঞ্চল আহমেদ, এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার দৌলতপুর গ্রামের আরনান দেওয়ানের ছেলে দীন ইসলাম।
আসামিদের নিকট থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট মোঃ সারোয়ার মিয়া নামের আসামিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং চঞ্চল আহমদ, গোলাম রাব্বি তুহিন, দ্বীন ইসলাম, কালা সেন, এর আসামিদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের মোবাইল কোর্টের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবুল হোসেন জানান, মাদক নির্মূলে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউশন প্রদানকারী মুহাম্মদ আমিনুল কবির (পরিদর্শক) এবং মোঃ আতাউর রহমান সজীব (উপ-পরিদর্শক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ।