ই-পেপার/প্রিন্ট ভিউ
সিলেট প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ঢাকা থেকে সিলেটে আগমন করেছেন। তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
বিমানবন্দরে আগমনের পর মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা গেছে, মন্ত্রীর এ সফরে সিলেটে শ্রমিক কল্যাণ, প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা ও চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি উন্নয়নে সরকারের উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন তিনি।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হবেন।
বিমানবন্দরে আগমনের সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী সিলেটবাসীর প্রতি শুভেচ্ছা জানান এবং শ্রমিক ও প্রবাসী কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।