ই-পেপার/প্রিন্ট ভিউ
তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে জোর তৎপরতা। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও বিভিন্ন পদপ্রত্যাশী ইতোমধ্যে মাঠে নেমে জনসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাখার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বড়দল উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম, মিঠু রঞ্জন পাল, সহ একাধিক নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
সম্ভাব্য প্রার্থীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রার্থিতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। পোস্টার, ব্যানার, ভিডিও বার্তা ও লাইভ আলোচনার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। বিশেষ করে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে ডিজিটাল প্রচারণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রার্থীরা দুর্নীতিমুক্ত প্রশাসন, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও গণসংযোগ কার্যক্রমও চালাচ্ছেন।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব পালন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীকে নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে। অন্যদিকে প্রতীকবিহীন নির্বাচন হলে ব্যক্তিগত জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতা বড় ভূমিকা রাখবে।
সব মিলিয়ে তফসিল ঘোষণার আগেই তাহিরপুরে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এলেই প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুনাব আলী বলেন,নির্বাচনের তফসিল ঘোষণার পরই প্রার্থী হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করব। এ বিষয়ে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেব।
অপরদিকে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, এলার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে একটি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়ভিত্তিক ও মানবিক নেতৃত্ব দেওয়ার জন্য আমি নিজেকে নিয়োজিত রাখব।
প্রবাসে মিঠু রঞ্জন পাল বলেন, আমি ষষ্ঠী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে।