ই-পেপার/প্রিন্ট ভিউ
মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিবেশীদের মধ্যে সম্পদ সহভাগিতা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) উপজেলার বালিজুরী ইউনিয়নের নতুন হাটি গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসীসহ ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিবেশীদের মধ্যে সম্পদ ভাগাভাগি করা হয়। এ সময় ১০টি পরিবার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী ১০টি পরিবারকে সহায়তা প্রদান করে। সহায়তার মধ্যে ছিল ছাগল, হাঁস ও মুরগি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার সজল গমেজ, লাইভলিহুড স্পেশালিস্ট কফিল উদ্দিন মাহমুদ, প্রোগ্রাম অফিসার লিটন ম্রেই, ইউপি সদস্য খলিলুর হাসান, বালিজুরীর ধর্মীয় নেতা আবুল কাসেম, ভিডিসি সভাপতি শেফালী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেশীকে সহযোগিতা করতে পেরে শিল্পা আক্তার বলেন, আমার মেয়ে স্পন্সরশিপ শিশু। ওয়ার্ল্ড ভিশন থেকে আমরা অনেক ধরনের সহযোগিতা পেয়েছি, যার মাধ্যমে আমাদের পরিবার ঘুরে দাঁড়িয়েছে। এখন আমরা অনেকটা স্বাবলম্বী। তাই আমি আমার প্রতিবেশীর পাশে দাঁড়াতে পেরে খুব আনন্দিত। আমরা সবাই মিলে এগিয়ে যেতে চাই।
অন্যদিকে আসমা বেগমসহ অন্যরা বলেন, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে আমরা নতুনভাবে জীবনযাপন শিখেছি। আগে আমরা অনেকটা অলসভাবে জীবন কাটাতাম। এখন সবজি চাষ,গাভী পালনসহ নানা কাজ করতে পারছি। আজ আমরা স্বাবলম্বী হয়ে নিজেরাই আমাদের প্রতিবেশীদের সহযোগিতা করছি।
বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, আমি জীবনে প্রথম এমন একটি উদ্যোগ দেখলাম, যেখানে মানুষ নিজেরা সহযোগিতা পেয়ে স্বাবলম্বী হয়ে আবার প্রতিবেশীর পাশে দাঁড়াচ্ছে। এটি সত্যিই প্রশংসনীয়। আমি ওয়ার্ল্ড ভিশনসহ গ্রামের সবাইকে ধন্যবাদ জানাই।
তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার সজল গমেজ বলেন,এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। তিনি বলেন, বালিজুরী ইউনিয়নের নয়া হাটি গ্রামের মানুষের মতো সবাই যদি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও জানান, তাহিরপুর এপির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগে সব সময় সহযোগিতা অব্যাহত থাকবে।