• ঢাকা
  • শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ , রাত ১১:০৩
  • ৪ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁদা না দিলে ব্যবসা নয়—তাহিরপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁদা না দিলে ব্যবসা নয়—তাহিরপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে অমানবিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের বরাতে জানা যায়, বুধবার(৫ই মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আফতাব উদ্দিন ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি অফিসে তুলে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী সেখানে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং একাধিকবার হত্যার চেষ্টা করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর ছোট ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ এসে ভাইয়ের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, শুধুমাত্র চাঁদা না দেওয়ায় আমার ভাইকে পশুর মতো মারধর করা হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাতগ্রামসহ আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহল বলছেন, এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার।দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা হোক। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক। 

একজন স্থানীয় বাসিন্দা বলেন, আজ যদি আমরা চুপ থাকি, কাল এই জুলুম সবার ঘরে পৌঁছাবে। আমরা এই সন্ত্রাসের রাজত্ব থেকে মুক্তি চাই।

ভুক্তভোগী পরিবার জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আফতাব উদ্দিনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং বাজারে আইনশৃঙ্খলা বজায় থাকে।


তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন