ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা আসাদুজ্জামান এরশাদ। তিনি আন্তর্জাতিক আগরউদ ও সুগন্ধি ব্যবসার সঙ্গে যুক্ত এবং জিনান পারফিউমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি এক বক্তব্যে তিনি জানান, তাহিরপুর উপজেলা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। উপজেলার অনেক এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।
তিনি আরও বলেন, উপজেলার অনেক ইউনিয়নের সঙ্গে অন্য ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা দুর্বল। বর্ষা মৌসুমে এসব এলাকার মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়ে। এসব সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
মাওলানা আসাদুজ্জামান এরশাদ বলেন, “নির্বাচিত হলে তাহিরপুর উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।