ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন চৌধুরীকে উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তাকে নেতৃত্বে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, আল মামুন চৌধুরী দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আন্দোলন-সংগ্রাম, হরতাল ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। দলের কঠিন সময়েও তিনি রাজপথে সক্রিয় থেকে নেতাকর্মীদের সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নেতাকর্মীরা জানান, দমন-পীড়ন, হুমকি কিংবা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি কখনো সংগঠনের কার্যক্রম থেকে পিছিয়ে যাননি। তার সাহসিকতা, দৃঢ়তা ও আদর্শনিষ্ঠ অবস্থান তরুণ কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
তারা আরও বলেন, গ্রাম থেকে শুরু করে ঢাকার রাজপথ পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আন্দোলনের সময় একাধিকবার টিয়ারগ্যাস ও পুলিশের বাধার মুখেও নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থান করেছেন।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, আগামী দিনে তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আল মামুন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তার নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম নতুন গতি পাবে বলে মনে করেন তারা।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব আল মামুন চৌধুরীর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন করবে এবং তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার সুযোগ দেবে।