• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:২৩
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ: ১১ ড্রাম জব্দ, এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ: ১১ ড্রাম জব্দ, এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ ইচ্ছারচর পয়েন্টে অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রোল মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ১১ ড্রাম (প্রায় ২ হাজার ২০০ লিটার) পেট্রোল জব্দ করা হয়।


রবিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


অভিযানে আহমেদাবাদ এলাকার ‘চৌধুরী ট্রেডার্স’ নামের একটি দোকানে তল্লাশি চালানো হলে দেখা যায়, দোকানের স্বত্বাধিকারী মোঃ সোহেল চৌধুরী (৩৫) কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই তার মুদি দোকানে বিপুল পরিমাণ পেট্রোল মজুদ করে রেখেছেন। জব্দকৃত পেট্রোলের পরিমাণ ছিল ১১ ব্যারেল বা ড্রাম, যা প্রায় ২ হাজার ২০০ লিটার।


মোঃ সোহেল চৌধুরী মৃত গিয়াস চৌধুরীর ছেলে। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ গ্রামে।


অভিযানের সময় সংশ্লিষ্ট আইনে দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ঘটনাস্থলেই আসামি ১০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন। পাশাপাশি অবৈধভাবে মজুদ করা ১১ ড্রাম পেট্রোল জব্দ করা হয়।


অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, বিক্রি বা পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার (ওসি) মোঃ রতন শেখ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে পেট্রোল মজুদ করার প্রমাণ পায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মজুদ রাখা ১১ ড্রাম পেট্রোল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


সুনামগঞ্জ

পুলিশ

আরও পড়ুন