ই-পেপার/প্রিন্ট ভিউ
ময়মনসিংহ প্রতিনিধি:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার (০৮ মার্চ) ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইন। অভিযান চলাকালে শম্ভুগঞ্জ বাজার মোড় এলাকায় মহাসড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারণে সৃষ্ট যানজটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়।
এ সময় মহাসড়কের ওপর অবৈধভাবে পার্কিং করা বিভিন্ন যানবাহন দ্রুত অপসারণ করা হয়। পাশাপাশি সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় একজন চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের অংশ হিসেবে শম্ভুগঞ্জ বাজারের ফলমূলের দোকান, তরমুজের আড়ত ও কাঁচাবাজারের বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য তদারকি করা হয়। এ সময় একাধিক দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি বলে দেখা যায়। ভোক্তা অধিকার ও বাজার ব্যবস্থাপনার নিয়ম অনুযায়ী দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক হওয়ায় মূল্য তালিকা না থাকায় একজন ফল ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যেন তারা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করেন এবং প্রতিটি দোকানে স্পষ্টভাবে মূল্য তালিকা প্রদর্শন করেন। একইসঙ্গে পণ্যের সঠিক ও ন্যায্য মূল্য বজায় রেখে ক্রেতাদের সঙ্গে সদাচরণ করার জন্যও ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বাজারে উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষ মোবাইল কোর্টের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাজারে শৃঙ্খলা ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে এমন কার্যক্রম নিয়মিত পরিচালনার আহ্বান জানান।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।