ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে তরুণ ছাত্রনেতা ওমর ফারুক উদয়-এর নাম জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে তৃণমূল পর্যায়ে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন ওমর ফারুক উদয়। আন্দোলন-সংগ্রাম, হরতাল ও প্রতিকূল সময়ের প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন নির্ভীক এক যোদ্ধা। দমন-পীড়ন, হুমকি-ভয়ভীতি কিংবা রাষ্ট্রশক্তির নানা চাপ—কোনো কিছুই তাকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে বিরত রাখতে পারেনি।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলের কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। দলের প্রতি তার দৃঢ়তা, সাহস এবং আদর্শনিষ্ঠ অবস্থান আজকের প্রজন্মের ছাত্রনেতাদের জন্য এক উজ্জ্বল প্রেরণা হয়ে আছে।
তাহিরপুর উপজেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে দক্ষ, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন। সেই দিক বিবেচনায় আসন্ন কমিটিতে ওমর ফারুক উদয়কে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চান তারা।
এ বিষয়ে ওমর ফারুক উদয় বলেন, ছাত্রদল আমার রাজনৈতিক চেতনার একটি বড় অংশ। দলের যেকোনো সিদ্ধান্তই আমার কাছে শ্রদ্ধার। সংগঠন যেভাবে দায়িত্ব দেবে, সেভাবেই কাজ করে যাবো এবং দলের আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
এদিকে আসন্ন কমিটি গঠনের বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের মাধ্যমে তাহিরপুর উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত করা হবে।