ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ আশিকুর সরকার (রাব্বি), রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের পান্থাপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ বায়েজিদ আলমের বসতবাড়ির ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে মুহূর্তেই তছনছ হয়ে গেছে একটি যৌথ পরিবারের স্বপ্ন ও সহায়-সম্বল। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। ঘটনার খবর পেয়ে দ্রুত সাড়া দিয়েছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল ইমরান। আজ বুধবার (১১ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান সশরীরে ক্ষতিগ্রস্ত বায়েজিদ আলমের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জরুরি সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে,৪ (চার) বান্ডিল ঢেউটিন (ঘর পুনর্নির্মাণের জন্য)।
জরুরি খাদ্য সামগ্রী (চাল, ডাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য)।বিপন্ন পরিবারটির পাশে দাঁড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি যৌথ পরিবার এভাবে সবকিছু হারিয়ে সংকটে পড়বে তা মেনে নেওয়া যায় না। প্রশাসনের পক্ষ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি তাদের পুনর্বাসনের জন্য। এই সহায়তা তাদের সাময়িক কষ্ট লাঘবে সাহায্য করবে এবং আগামীতেও আমরা তাদের পাশে থাকব। এ সময় ভুক্তভোগী বায়েজিদ আলম আবেগাপ্লুত হয়ে বলেন, আগুনে আমাদের সব শেষ হয়ে গিয়েছিল। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। ইউএনও স্যার নিজে এসে আমাদের টিন ও খাবার দিয়ে সাহস জুগিয়েছেন, এতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। স্থানীয়রা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।