ই-পেপার/প্রিন্ট ভিউ
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, ইভটিজিং ও অনলাইন গেম্বলিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) বিকাল ৩টায় দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম। তিনি বলেন, মাদক, ইভটিজিং ও অনলাইন গেম্বলিং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ওসি শাহিনুল ইসলাম বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা মনোহরদী উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ আল আমিন মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় উপস্থিত ব্যক্তিরা মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন গেম্বলিংসহ সকল ধরনের অপরাধ নির্মূলে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।