ই-পেপার/প্রিন্ট ভিউ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ জিহাদ ইসলাম (২৩) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জিহাদ ইসলাম উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের সামছুল হকের ছেলে। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাহিরপুর থানার এসআই মো. রিপন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তরং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী জিহাদ ইসলামকে আটক করা হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে জিহাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ পোটলা গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, জিহাদ দীর্ঘদিন ধরে তরং, নয়াবন্ধ, শ্রীপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ শিক্ষার্থী ও যুবসমাজের কাছে ইয়াবা, মদ ও গাঁজা বিক্রি করে আসছিল।কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে সে তার সহযোগীদের নিয়ে ভয়ভীতি ও নির্যাতন করতো। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।