ই-পেপার/প্রিন্ট ভিউ
মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি :
আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ, চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আজ সকাল ৯টায় (স্থানীয় সময়) পি,এইচ, আমীন একাডেমী স্কুলের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে নারী ও পুরুষদের সম্মিলিত অংশগ্রহণের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হয়। স্থানীয়ভাবে মা-বোনদের নিয়ে এটাই একমাত্র সম্মিলিত ঈদ জামাত হিসেবে পরিচিত।
উক্ত ঈদ জামাতে উপস্থিত ছিলেন মানবতার রাজনীতির প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। ঈদের খুতবা প্রদান করেন হাফেজ ক্বারী আল্লামা ইলিয়াছ শাহ। তিনি খুতবায় বলেন, অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন ও মিল্লাতকে রক্ষা করতে হলে রমজানের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একমাত্র মানবতার রাজনীতিই মানব সত্তাকে সুরক্ষিত ও বিকশিত করতে পারে। মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সর্বজনীন কল্যাণ নিশ্চিত করা সম্ভব। অপরাজনীতির গ্রাস থেকে মুক্তির একমাত্র পথ মানবতার রাজনীতি বলে তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি উল্লেখ করেন, রাষ্ট্র ও দুনিয়া কোনো একক গোষ্ঠীর নয়, বরং সকল মানুষের। বর্তমান বিশ্বে ইসলাম ও মুসলিম উম্মাহ নানা সংকটের মধ্যে রয়েছে, যা থেকে উত্তরণে মানবতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি সকলের জন্য দোয়া কামনা করেন এবং ঈদের আনন্দকে মানবতার কল্যাণে উৎসর্গ করার আহ্বান জানান।
ঈদুল ফিতরের নামাজে সালাতু সালাম পরিচালনা করেন মুফতি আল্লামা রেজাউল কাউসার। নামাজ শেষে দেশ ও বিশ্বের সকল মানুষের শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
শেষে উপস্থিত সকল ঈমানদার ভাইবোনদের ঈদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এবং ঈদের জামাতে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়।