ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এক শিশু নিহত হয়েছে, আরো দুইজন আহত হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার মানিগাঁও এলাকার জয়ানাল আবেদীন শিমুল বাগান সংলগ্ন লাউড়েরগড়-বাদাঘাট খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সুফিয়া বেগম (১০)। সে উপজেলার লাউড়েরগড় গ্রামের সতু মিয়ার মেয়ে। আহত দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই একটি নৌকা লাউয়েরঘর ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই যাদুকাটা নদীর মাঝপথে ডুবে যায়। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই সুফিয়া বেগমের মৃত্যু হয়।
নৌকার মাঝি জয়দর আলী জানান, নৌকায় ওঠার আগে তিনি যাত্রীদের বারবার সতর্ক করেছিলেন এবং অতিরিক্ত ভিড়ের কারণে পরবর্তী নৌকায় উঠতে অনুরোধ করেন। কিন্তু অনেক যাত্রী সেই সতর্কতা উপেক্ষা করে একসঙ্গে নৌকায় ওঠেন, যার ফলে নৌকাটি ডুবে যায়।
বড়দল উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নোয়াজ আলী বলেন, শুনেছি নৌকাডুবির ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম নৌকাডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণেই নৌকাটি ডুবে গেছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই দিপক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নদীপথে যাত্রী পরিবহনে সচেতনতা ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।