ই-পেপার/প্রিন্ট ভিউ
সুনামগঞ্জ প্রতিনিধি:
আজ ২৬ মার্চ, বাঙালি জাতির গৌরবের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ দিবসটি পালন করেছে।
দিবসটির সূচনায় সূর্যোদয়ের সাথে সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।
এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) চাতক চাকমা, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা পুলিশের এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ, যা উপস্থিত সকলের মাঝে গভীর আবেগের সৃষ্টি করে।