ই-পেপার/প্রিন্ট ভিউ
শেখ মনির হোসেন নিজাম, আখাউড়া প্রতিনিধি
উদয়ের সঠিক সময়টাতে সূর্য মামাকে পুব আকাশে দেখা না গেলেও আকাশে কিছুটা ঘুমোট ভাবের মধ্যে ভোর পেরিয়ে সকাল শুরু হয়েছিল। বৃহস্পতিবার, ২৬ মার্চ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী স্বাধীনতা দিবসের কর্মসূচি ঠিক সূর্যোদয়ের সময়েই শুরু হয়—সকাল ৫টা ৫৪ মিনিটে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশাসনের কর্তা হিসেবে, সুধী সমাজ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের আগে থেকেই জানিয়ে রেখেছিলেন যে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শ্রদ্ধা জানানো হবে। পরিকল্পনা অনুযায়ী উপজেলা পরিষদ মাঠে প্রথমে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জেলা পুলিশের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সুধী সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংবাদিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ইউএনও তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলামসহ অন্যান্যরা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী ভূঁইয়া বলেন, "৫টা ৫৪ মিনিটে সূর্যোদয় এবং ঠিক ওই সময়ে কর্মসূচি শুরু করা হবে বলে ইউএনও আমাদেরকে জানিয়েছিলেন। তিনি কথামতো সেটা করেছেন, যা আমাদের খুব ভালো লেগেছে।"
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন বলেন, "আগের দিনই ইউএনও ফোনে জানিয়ে দিয়েছিলেন যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শুরু করতে চান। আমরা দেখেছি তিনি একেবারেই সময়মতো কর্মসূচি শুরু করেছেন। বিষয়টি আমরা প্রশংসা করি।"
জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মো. নাছির উদ্দিন হাজারি বলেন, "এবার খুবই সময় ধরে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়েছে। আমরা সবাই চেষ্টা করেছি সময়মতো এসে শ্রদ্ধা নিবেদন করতে। সময় মেনে সব কাজই করা উচিত।।