ই-পেপার/প্রিন্ট ভিউ
মঈনউদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি:
“শুধু উদযাপন নয়, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ ও মব সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের সংস্কৃতি রক্ষার অঙ্গীকার নিয়েই পালিত হোক মহান স্বাধীনতা দিবস”—এমন আহ্বান জানানো হয়েছে ২৬শে মার্চ উপলক্ষে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ ফারাহ ফাতেহা তাকমিলা।
উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে। এছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন আধা-সামরিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। পুরো আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আজকের প্রজন্মকে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু ধর্মের অপব্যবহার, উগ্রবাদ ও মব সন্ত্রাস সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, যা দেশের সংস্কৃতি ও নিরাপত্তার জন্য হুমকি।
বক্তারা আরও বলেন, রাষ্ট্র কোনো একক ধর্ম, জাতি বা গোষ্ঠীর জন্য নয়—এটি সকল মানুষের। প্রত্যেক নাগরিকের নিজ নিজ বিশ্বাস, মত ও পথ অনুসরণ করার অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষা করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। ধর্মের নামে সহিংসতা ও উগ্রতা কখনোই গ্রহণযোগ্য নয়।
তারা আহ্বান জানান, উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানবতা, গণতন্ত্র ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই একটি নিরাপদ, সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।