ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রূপকথার যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনের সময় পাড় ধসে বালুচাপায় লিয়াকত আলী (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া ঝালর টেক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ সময় হঠাৎ করে নদীর পাড় ধসে পড়ে এবং শ্রমিক লিয়াকত আলী বালুর নিচে চাপা পড়েন। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। পরে মরদেহ নিজ গ্রাম সিরাজপুরে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সাথে জড়িত হিসেবে স্থানীয়ভাবে কয়েকজনের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, ঘাগটিয়া গ্রামের একটি প্রভাবশালী মহলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং জমি সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করেছেন।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত ছিলেন না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয়দের দাবি, যাদুকাটা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভাঙন বেড়েছে, যা জনজীবন ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তারা দ্রুত এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।