ই-পেপার/প্রিন্ট ভিউ
ষ্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম আজগর আলী (৫৫)। তিনি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিন্নাকুলি গ্রামের আব্দুল হকের বাড়ির পশ্চিম পাশে যাদুকাটা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ জানান, রোববার রাত প্রায় ১০টার দিকে তার বাবা-মা মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা পান করেন। পরে তার মা বাড়িতে ফিরে এলেও তার বাবা আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে নদীর পাড়ে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।
তিনি অভিযোগ করে বলেন, “আমার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন। আমরা গরিব মানুষ। আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে বাম হাতে গভীর জখম এবং মাথায় ছিদ্রসহ গুরুতর আঘাতের আলামত পাওয়া গেছে, যা হত্যার ইঙ্গিত দেয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।