• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১০:১৬
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সংবাদ প্রকাশের পরেই বিতর্ক, শেষে ‘ভিত্তিহীন’ বলে সরানো হলো প্রতিবেদন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সংবাদ প্রকাশের পরেই বিতর্ক, শেষে ‘ভিত্তিহীন’ বলে সরানো হলো প্রতিবেদন ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা শাহ আলীকে নিয়ে প্রকাশিত একটি অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের পরপরই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত প্রকাশের প্রায় ১২ ঘণ্টার মাথায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সেটিকে “মিথ্যা ও ভিত্তিহীন” উল্লেখ করে প্রত্যাহার করে নেয়।

জানা যায়, গতকাল ৩১শে মার্চ রাতে তাহিরপুরের খবর তাদের ফেসবুক পেজে “দলনেতা শাহ আলী ও আনসার ভিডিপির কর্মকর্তা সালমার অনিয়মের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ ফটোকার্ডসহ প্রকাশ করে। এতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে সংবাদটি প্রকাশের পরপরই স্থানীয় মহলে এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের অভাব এবং অভিযুক্তদের বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ করায় সমালোচনার ঝড় ওঠে।

পরবর্তীতে প্রায় ১২ ঘণ্টা পর ১ লা এপ্রিল দুপুরে একই পেজ থেকে নতুন পোস্টে জানানো হয়, পূর্বে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন এবং অপপ্রচার ছিল। এরই ধারাবাহিকতায় সংবাদটি সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে আনসার ভিডিপি দলনেতা শাহ আলী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “আমার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি করেছে। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী আমার বক্তব্য নেওয়া উচিত ছিল, কিন্তু তারা তা করেনি।”

তিনি আরও বলেন, “এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রকাশের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, যাচাই-বাছাই ছাড়া অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশ এবং পরে তা প্রত্যাহার করার ঘটনা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর। তাদের মতে, কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য-প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য নেওয়া অত্যন্ত জরুরি।

বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আরও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানানো হয়েছে।


তাহিরপুর

আরও পড়ুন