ই-পেপার/প্রিন্ট ভিউ
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় আস্থার প্রতীক হিসেবে পরিচিত চৌকস পুলিশ কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ এবার নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার যোগদানের খবরে উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তির আবহ সৃষ্টি হয়েছে, অন্যদিকে অপরাধ জগতের সঙ্গে জড়িতদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ ও আতঙ্ক।
দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার মাধ্যমে নিজেকে প্রমাণ করে আসা এই কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার কার্যকর পদক্ষেপ ও দৃঢ় অবস্থান ইতোমধ্যেই জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
এর আগে শিবগঞ্জ ও সদর মডেল থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার মেধা, বিচক্ষণতা ও সাহসিকতার মাধ্যমে একাধিক জটিল ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেন। অপরাধ দমনে তার ‘জিরো টলারেন্স’ নীতি সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নাচোল থানায় দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে তার নতুন অধ্যায়। দায়িত্ব নিয়েই তিনি কঠোর বার্তা দিয়েছেন—আইনের চোখে সবাই সমান, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। তার নেতৃত্বে নাচোল থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মানবিকতা ও জনবান্ধব আচরণের জন্যও সুপরিচিত এই কর্মকর্তা। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসা মানুষ থেকে শুরু করে সকল সেবাপ্রার্থী তার আন্তরিকতা ও দ্রুত সেবা প্রদানের কারণে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তার কর্মপরিকল্পনার মূল লক্ষ্য— সন্ত্রাস, মাদক ও অপরাধ দমন, সংঘবদ্ধ অপরাধ চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া, পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নির্যাতিত ও অসহায় মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে থানাকে গড়ে তোলা।
নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। আমি নাচোলবাসীর সহযোগিতা নিয়ে একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি—সেই আস্থা ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন দায়িত্বশীল, সাহসী ও মানবিক কর্মকর্তার নেতৃত্বে নাচোল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে নিরাপত্তার স্বস্তি।