ই-পেপার/প্রিন্ট ভিউ
দিরাই প্রতিনিধি:
হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে দিরাইয়ে গণ-সমাবেশ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, দিরাই উপজেলা আহ্বায়ক কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের দিরাই উপজেলা যুগ্ম আহ্বায়ক মোস্তাহার মিয়া মোস্তাক এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব উবাইদুল হক।
সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন হাওর এলাকা থেকে আগত কৃষক শাজাহান চৌধুরী, ইমদাদ সরদার, কাজী নুরুল আজীজ চৌধুরী ও শাজাহান মাহমুদ হেলালসহ অনেকে।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, দপ্তর সম্পাদক আফজাল হোসেন ও সদস্য মতিউর রহমানসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি লক্ষ্য করা গেছে।
অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ ও অব্যবস্থাপনার কারণে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তারা জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বক্তারা আরও বলেন, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন এবং তাদের ধান রক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সমাবেশ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়মে জড়িতদের সুনামগঞ্জ থেকে অপসারণের দাবি জানানো হয়।