ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার, শেরপুর (মোতাহার হোসেন):
শেরপুর সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার হক ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এ সময় জ্বালানি সরবরাহ পরিস্থিতি, মজুত অবস্থা এবং বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বিদ্যমান মজুত শেষ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল বিক্রয় অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি, কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফিলিং স্টেশনে আগত যানবাহন ও গ্রাহকদের জন্য নির্ধারিত লেন শৃঙ্খলা কঠোরভাবে নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়, যাতে বিশৃঙ্খলা বা ভোগান্তি সৃষ্টি না হয়।
অন্যদিকে, আগত গ্রাহকদের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে শৃঙ্খলার সঙ্গে লেন অনুসরণ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়, যাতে সবাই সমানভাবে সেবা পেতে পারেন।
প্রশাসনের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক সহনশীলতা, দায়িত্বশীল আচরণ এবং মানবিক মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।