ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক:
নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
জানা যায়, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪টি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯ ধারা লঙ্ঘনের অপরাধে আরও ১টি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়।
অপরদিকে, ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সৈয়দা তামান্না হোরায়রার পরিচালনায় মোবাইল কোর্টে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযান চালানোর অপরাধে ৫ জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এছাড়া, সদরের এমএ খালেক ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রি বন্ধ থাকার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় মজুদ যাচাই করে দেখা যায়, বিক্রয়যোগ্য পর্যাপ্ত পেট্রোল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে বিক্রয় কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয় এবং ফিলিং স্টেশনের মালিককে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।