• ঢাকা
  • রবিবার , ১২ এপ্রিল ২০২৬ , রাত ১১:০০
  • ২৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভোলায় নারী কর্মী সাওদা সুমির গ্রেফতার: নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভোলায় নারী কর্মী সাওদা সুমির গ্রেফতার: নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

ভোলা প্রতিনিধি: ভোলায় নারী কর্মী সাওদা সুমিকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৭ এপ্রিল এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমিকে গত ৫ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার সমালোচনামূলক একটি স্ট্যাটাস দেওয়ার জেরে তাকে আটক করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার। শুধুমাত্র সরকারবিরোধী মত প্রকাশের কারণে একজন নারী কর্মীকে গ্রেফতার করা সম্পূর্ণ অন্যায়, অমানবিক ও নিন্দনীয়। এটি মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। সাওদা সুমির গ্রেফতার সেই দমনমূলক প্রবণতারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, একটি স্বাধীন দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করে।

এছাড়া তিনি দেশের সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, আইনজীবী, সাংবাদিক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান—বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী অধিকার নিয়ে সোচ্চার বিভিন্ন সংগঠন এ ঘটনায় নীরব রয়েছে, যা দুঃখজনক।

বিবৃতির শেষাংশে মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে সাওদা সুমির নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের প্রতি জুলুম-নির্যাতন বন্ধ করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান।


সারাবাংলা

আরও পড়ুন